জয়পুরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন বিধিনিষেধের কারণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের চারদিঘী গ্রামে আয়োজিত দুই দিনব্যাপী বিজয় মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী ঘটনাস্থলে গিয়ে মেলাটি বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ছাড়া জনসমাগম হয়—এমন কোনো আয়োজন করা যাবে না। চারদিঘী গ্রামে আয়োজিত বিজয় মেলার জন্য কোনো ধরনের অনুমোদন না থাকায় আইন অনুযায়ী মেলাটি বন্ধ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চারদিঘী গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে গ্রামের মাঠে বিজয় দিবস উপলক্ষে মেলার আয়োজন করা হয়। রোববার সকালে মেলা শুরু হলে সেখানে দোকানপাট, খেলনা, খাবারসহ নানা বিনোদনমূলক আয়োজন দেখা যায়। বিষয়টি জানার পর দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে মেলা বন্ধের নির্দেশ দেন। এ সময় মেলার আয়োজকদের সঙ্গে প্রশাসনের কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর আয়োজকদের পক্ষ থেকে মাইকে জোরপূর্বক মেলা চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
মেলার আয়োজক চারদিঘী গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রাজু আহম্মেদ বলেন, প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে তারা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। এবারও অনুমতির জন্য চেষ্টা করা হয়েছিল। লিখিত অনুমতি না পেলেও ইউএনওর কাছ থেকে মৌখিক সম্মতি পাওয়া গেছে ভেবে তারা মেলা শুরু করেন। তবে মেলা শুরুর পর প্রশাসন এসে তা বন্ধ করে দেয়।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, মেলার জন্য কোনো ধরনের মৌখিক বা লিখিত অনুমতি দেওয়া হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মৌখিক অনুমতির দাবি সঠিক নয়। আইন অনুযায়ী মেলাটি বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নির্বাচনী সময়সূচি ঘোষণার পর স্থানীয় পর্যায়ে এমন আয়োজন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।





