প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি বলেন, \"এই নির্বাচনের মাধ্যমে দেশ সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। তবে এই চ্যালেঞ্জে আমরা ব্যর্থ হলে এর খেসারত দিতে হবে পুরো জাতিকে।\"

শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচন-সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, “নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকলেও, আমাদের লক্ষ্য হবে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এ দায়িত্ব পালনে সবাইকে আন্তরিক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।