নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। শনিবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
এদিন সকাল থেকে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ভিন্ন এক পরিবেশ লক্ষ্য করা যায়। সাধারণত সংসদ সদস্যদের বড় সভা বা মঞ্চে দেখা গেলেও, ডা. ফরিদ এদিন ক্ষতিগ্রস্তদের বাড়ির উঠানে ও ঘরের দাওয়ায় গিয়ে তাদের খোঁজখবর নেন। তিনি ঝিকরগাছার ১০০টি এবং চৌগাছার ৫০টি পরিবারের মাঝে প্রায় ৩ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা দেন। তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে কারও ওপর হামলা বা সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, তার নির্বাচনি এলাকার প্রতিটি মানুষ যেন পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হবে।
ডা. ফরিদ ঘোষণা দেন, এই সহায়তা কার্যক্রম কেবল শুরু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুরোপুরি স্বাবলম্বী না হওয়া এবং স্বাভাবিক জীবন ফিরে না পাওয়া পর্যন্ত পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।





