আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র ব্যবহার করা হবে না বলে কঠোর নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

নির্বাচনকালীন নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ, খাবার বা অন্য কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। তিনি বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রায় দেড় লাখ পুলিশ সদস্য যদি পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করেন, তবে এটি দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে বর্তমানে জঙ্গি ও চরমপন্থি তৎপরতা আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে বিদেশে অবস্থানরত ‘ফ্যাসিস্ট জঙ্গি’দের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কুচকাওয়াজের মাধ্যমে ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৯৬ জন প্রশিক্ষণার্থী তাদের কর্মজীবনে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন।

অনুষ্ঠানে ৪১তম বিসিএস ব্যাচের ৮৭ জন প্রশিক্ষণার্থীর পাশাপাশি আগের বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীরাও অংশ নেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন।

এ সময় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ‘বেস্ট প্রবেশনার’, মেহেদী আরিফ ‘বেস্ট একাডেমিক’, সজীব হোসেন ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, মোসলেহ উদ্দীন আহমেদ ‘বেস্ট হর্সম্যানশিপ’ এবং সালমান ফারুক ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন।

নবীন কর্মকর্তারা এখন বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়িত হবেন। অনুষ্ঠানের শেষাংশে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দেশপ্রেম, পেশাদারিত্ব ও সততার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।