আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

মহাসচিব শার্লি বচওয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন এবং নির্বাচন–পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় কমনওয়েলথ বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে। তিনি উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশের মধ্যে জি–৭ ও জি–২০-এর সদস্যও রয়েছে, যা পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়ায়।

তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদও প্রকাশ করেন।

ভোটের আগে কমনওয়েলথ বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।