আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে নিবন্ধিত ৮১টি সংস্থার মাধ্যমে এসব পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
অনুমোদিত পর্যবেক্ষকদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকবে। কেবল সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার এবং নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
ইসি জানায়, স্থানীয় পর্যবেক্ষকদের জন্য প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসরণ করা বাধ্যতামূলক। পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার ইস্যুর জন্য https://pr.ecs.gov.bd/ ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। অনুমোদিত ৮১টি সংস্থার পর্যবেক্ষকদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যাচাই শেষে তারা অনলাইন থেকেই কার্ড ও স্টিকার ডাউনলোড করে মুদ্রণ করতে পারবেন।
নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এবং স্থানীয় পর্যবেক্ষকদের আবেদন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার মনোনীত কর্মকর্তারা অনুমোদন করবেন।
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় পর্যবেক্ষকদের পরিচয়পত্র সার্বক্ষণিক দৃশ্যমান রাখতে হবে। তারা কোনোভাবেই নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন না এবং ভোট প্রদানের গোপন কক্ষে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমন স্থানে স্বল্প সময় অবস্থান করা যাবে, যাতে ভোটগ্রহণে কোনো বিঘ্ন না ঘটে।
ইসি আরও জানায়, পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখবেন। কোনো রাজনৈতিক দলের সদস্য, প্রার্থী বা সমর্থক হিসেবে চিহ্নিত হলে সংশ্লিষ্ট পর্যবেক্ষক দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হবেন। কোনো প্রার্থী বা দলের পক্ষে বা বিপক্ষে প্রতীক, চিহ্ন বা বক্তব্য প্রদর্শন করা যাবে না।
এ ছাড়া কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট কারও কাছ থেকে উপহার বা সুবিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন চলাকালে গণমাধ্যমে এমন কোনো মন্তব্যও করা যাবে না, যা ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত বা ব্যাহত করতে পারে।





