অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (আজ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক একটি বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল জানান, “প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। তিনি মাঝে মাঝে ডাকেন, যখন সরকারের কোনো সংকট তৈরি হয়। আমরাও প্রতিশ্রুতিবদ্ধ—গণতন্ত্রে উত্তরণে প্রয়োজনীয় সহযোগিতা করতে। তবে এমন মতবিনিময় আরও নিয়মিত হওয়া উচিত।”
সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “অনেক কচি প্রাণ হারিয়েছে। আমি নিজেও গিয়েছিলাম দেখতে। দুঃখপ্রকাশ ও শোক জানিয়েছি।”
তিনি আরও জানান, ওই দুর্ঘটনার পর স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়। একইসঙ্গে সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে পড়া এবং গোপালগঞ্জে ‘ফ্যাসিস্ট শক্তির’ তৎপরতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “এসব ঘটনাকে প্রশাসনিক জটিলতা মনে হচ্ছে।”
সাক্ষাৎকারে ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া ফেব্রুয়ারি-মার্চের মাঝামাঝি সম্পন্ন করার প্রতিশ্রুতি রয়েছে। আমরা মনে করি, সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, ব্যবস্থা নেওয়া হবে।”
সরকার নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমি তো দেখছি এগোচ্ছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা থাকবেই, তবে সেগুলোকে বড় করে না দেখে সরকারের সদিচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। এখন পর্যন্ত আন্তরিকতার ঘাটতি দেখছি না।”
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব—দলীয় প্রধান যেন প্রধানমন্ত্রী না হতে পারেন—এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটা তাদের প্রস্তাব। বিভিন্ন রাজনৈতিক দল মতামত দিচ্ছে। গণতন্ত্র মানেই সকল মতের প্রতি শ্রদ্ধা রাখা। সব ফুল ফুটতে দাও—এই তো গণতন্ত্র।”
এ প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, “আমি কোনো ষড়যন্ত্র দেখছি না। এটা নিছক দুর্ঘটনা। অতীতেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমি এক্সপার্ট নই, তবে এটাকে ষড়যন্ত্র বলার কারণ দেখি না।”
সরকারের কোনো গাফিলতি ছিল কি না—এমন প্রশ্নে ফখরুল বলেন, “সরকারের গাফিলতি না থাকলেও অভিজ্ঞতার অভাব ছিল। তারা তো কখনো রাষ্ট্র পরিচালনা করেনি। আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, তাদের সেটা নেই।”
তিনি আরও বলেন, “আরেকটা সমস্যা হচ্ছে ‘ইগো’। তারা আমাদের সঙ্গে কোনো বিষয় আলোচনা করে না, পরামর্শ নেয় না। এটা হয়তো সেই ইগোর ফল।”
সাম্প্রতিক বিশৃঙ্খল পরিস্থিতি নির্বাচন বানচালের চেষ্টা কি না—এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, “কিছু কিছু বিশৃঙ্খলা ঘটছে। এখানে নিঃসন্দেহে ফ্যাসিস্ট শক্তিরা সমস্যা তৈরির চেষ্টা করছে।”





