নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই আমাদের রুখে দিতে পারবে না।”
বুধবার (২০ আগস্ট) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের মাইলস্টোন এলাকায় বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষক পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে সেখানে যান এ্যানি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
এ্যানি বলেন, “দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। লক্ষ্য পূরণে ঐক্যই হবে আমাদের মূল শক্তি।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এক মাস পেরিয়ে গেলেও এর রিপোর্ট এখনো প্রকাশ হয়নি। সরকার এই পরিবারগুলোর প্রতি ন্যূনতম দায়িত্বশীল আচরণ করছে না। আর্থিক সহায়তা এমনভাবে দিতে হবে যেন তারা কারও কাছে হাত না পাততে হয়।”
উত্তরায় জুলাই মাসে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে এ্যানি বলেন, “সরকারের সরাসরি নির্দেশেই সে সময় উত্তরা মৃত্যু নগরীতে পরিণত হয়েছিল। বিএনপি শুধু মিটিং-মিছিলেই সীমাবদ্ধ নয়, আমরা দেশ গড়ার কাজে নেমেছি। সামনে আমরা দেশের জন্য লড়াই করব, ইনশাআল্লাহ।”





