১০-দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ আসনে ১০-দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে না পারলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান জামায়াত প্রার্থী।
সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, ব্যক্তিগত পারিবারিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি এবং ১০-দলীয় জোটের প্রার্থী শাহজাহান শিবলীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমীর মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা ও জামাল হোসাইনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।





