আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পাঁচ দিন আগে থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, নির্বাচনকে ঘিরে মোট নয় দিনের একটি বিশেষ নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, নির্বাচনের আগের পাঁচ দিনে বড় ধরনের কার্যক্রম চালানো হবে, যাতে যে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা, দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, আট হাজার র্যাব এবং প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার মাঠে থাকবে। ইতিমধ্যে ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরে তিনি পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। এরপর কুয়াকাটার নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে রাতে সেখানে অবস্থান করে রোবিবার সকালে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।





