আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক পরিসরে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের ইতিহাসে একটি ‘মাইলফলক’ হয়ে থাকবে।
মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এসব মডিউল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর নেতৃত্বে চূড়ান্ত করা হয়েছে।
দেশের ১৩০টি ছোট ও ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, ৯ মিনিটের একটি ফিল্ম ও একটি বুকলেট তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ সদর দপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) প্রস্তুত করা হবে। পরবর্তীতে তারাই মাঠপর্যায়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
ডিআইজি জিয়া বলেন, নির্বাচনী সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চলতি সপ্তাহের শেষ দিকে রাজারবাগ পুলিশ লাইনসে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।
সূত্র: বাসস





