ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা জানিয়েছেন, তিনি নিরাপদ ক্যাম্পাস গড়তে কাজ চালিয়ে যাবেন, তবে আর মাঠে থাকবেন না। ক্যাম্পাসে এক বৃদ্ধকে তাড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সর্ব মিত্র চাকমা তার পোস্টে লিখেছেন, “যে বৃদ্ধ লোকটিকে ভিডিওতে দেখা গেছে, আমি অনেক দিন ধরেই তাকে মেট্রো স্টেশনের পাশ থেকে সরিয়ে দিই। লোকটি নিয়মিত ক্যাম্পাসে থাকে। তার সঙ্গে আরেকজন মাদকাসক্ত বৃদ্ধও থাকেন। আগে এই ব্যক্তির কাছ থেকে গাঁজাও পাওয়া গেছে।”
তিনি আরও লেখেন, “ওদের সরানো খুব কঠিন কাজ। ভয় না দেখালে বা লাঠি হাতে না নিলে তারা যায় না। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমি শুধু চাই আমার ক্যাম্পাস ভবঘুরে ও মাদকাসক্তদের মুক্ত থাকুক।”
পোস্টে তিনি জানান, দুইজন নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন। তাই তিনি চান “ভবঘুরে, পাগল ও হ্যারেসারমুক্ত” একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে। তবে এসব ঘটনায় তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হচ্ছে, তা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করেন তিনি।
সর্ব মিত্র চাকমা বলেন, “প্রক্টরিয়াল টিমের সঙ্গে রাতে দায়িত্ব পালন করা ডাকসুর সদস্যের কাজ নয়, আবার পুরোপুরি এখতিয়ারের বাইরে বলেও বলা যায় না। কিছুদিন আগে মাদকাসক্ত কয়েকজনকে সরাতে গিয়েও একইভাবে আমাকে নিয়ে বিতর্ক ছড়ানো হয়েছিল। যারা মাঠে কাজ করেন, তারা জানেন—এটা কতটা কঠিন।”
তিনি আরও বলেন, “একজন সদস্য হিসেবে আমি নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য কাজ চালিয়ে যাব, কিন্তু মাঠে আর থাকছি না। ধন্যবাদ।”
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে তাড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা ওই বৃদ্ধকে তাড়িয়ে দিচ্ছেন এবং প্রক্টরিয়াল টিমের এক সদস্য তার ব্যাগে লাঠি দিয়ে আঘাত করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।





