ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকবে। এই তথ্য আইভ্যাকের বাংলাদেশ ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ যাদের জন্য আবেদন জমা দেওয়ার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের নতুন একটি তারিখে পুনঃনির্ধারিত করা হবে।


এর আগে গত সোমবার ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। এতে বলা হয়, আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে, তাই জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


নিরাপত্তা শঙ্কার কারণে এ দুই দিনের মাথায় আইভ্যাক বন্ধের ঘোষণা আসে।


চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা টানাপোড়নের মধ্যে রয়েছে। এর মধ্যে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চাওয়ার বিষয়েও ঢাকা নোটিশ দিয়েছে, তবে দিল্লি এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।