ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয়দের জন্য শোক প্রকাশ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মোদি লিখেছেন, “মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হোক—এই কামনা করছি। রিয়াদের দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট সম্ভাব্য সব সহায়তা করছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সৌদি আরবের মদিনা ও বাদর শহরের মাঝামাঝি মুফরাহথ এলাকায় একটি বাস ও ট্যাংকার লরির সংঘর্ষে অন্তত ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ নারী ও ১১ শিশু রয়েছে। দুর্ঘটনায় কেবল একজন যাত্রী বেঁচে গেছেন। নিহতরা হায়দরাবাদ থেকে আসা ভারতীয় ওমরাহযাত্রী বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, রিয়াদের ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট নিহত ও আহতদের সহায়তায় কাজ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার পর জেদ্দা কনস্যুলেটে ২৪ ঘণ্টা খোলা একটি কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনাস্থল ও হাসপাতালে সহায়তা কার্যক্রম চালাচ্ছেন।





