দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার খবরের পর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। বহিষ্কারের বিষয়টি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তবে মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীনগর বাজার এবং ইউনিয়ন পরিষদ এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়দের একাংশ মনে করেন, বহিষ্কারের খবরকে উৎসবের পরিবেশে উদযাপন করে তাজুল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি ভিন্নধর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগে, ২৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরও কয়েকজন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই আদেশে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, তাজুল ইসলাম শ্রীনগর উপজেলা, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবদলের সহসভাপতি, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে শ্রীনগর উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক সদস্যের পদে ছিলেন।





