কক্সবাজারের উখিয়ায় নাগরিক অধিকার নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছেন রোহিঙ্গারা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কুতুপালংসহ চারটি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গারা জানান, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনা সরকারের দমন-পীড়নের মুখে তারা প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আট বছর পেরিয়ে গেলেও এখনো একজন রোহিঙ্গাকেও নিজ দেশে ফিরিয়ে নেয়নি মিয়ানমার। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

রোহিঙ্গা নেতা বদরুল ইসলাম বলেন, “আমরা বাংলাদেশের কেউ নই, আমরা রোহিঙ্গা। বারবার বলছি— নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চাই। কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই। এই ঝুপড়ি ঘরে মানবেতর জীবন আর কতদিন?”

রোহিঙ্গা নারী জমিলা বেগম বলেন, “রাখাইনে আমাদের ভিটেমাটি ছিল। এখন ছোট ঘরে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সন্তানরা বড় হচ্ছে, এইভাবে আর কতদিন চলবে? আমরা ফিরতে চাই।”

সমাবেশে বক্তারা রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহর সংগ্রামের কথা স্মরণ করেন এবং তার হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা ক্যাম্পে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সকাল থেকেই হাজার হাজার রোহিঙ্গা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে সমাবেশে অংশ নেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করেছে। সমাবেশ চলাকালীন ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”