বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে লাঞ্ছিত করা হয়নি বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার যদি দক্ষতা দেখাতে পারত তবে ‘ফ্যাসিবাদের দোসররা’ এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবেই দেশে-বিদেশে তাদের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা নেই। শেখ হাসিনার শাসনকে তিনি ‘ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক’ আখ্যা দেন এবং অভিযোগ করেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা চলছে।

দুদকের ব্যর্থতার সমালোচনা করে রিজভী বলেন, অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরাতে কিংবা বিচার করতে এখনো সক্ষম হয়নি প্রতিষ্ঠানটি।