পথসভা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকায় একটি গলিতে, পথসভা চলাকালীন।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, “মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। তখন বিপরীত দিকের একটি ভবন থেকে নোংরা পানি ফেলা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর। এরপর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনার পর আমরা দ্রুত ওই এলাকার কর্মসূচি শেষ করে পরীবাগে চলে যাই।”
মাহাবুব আলম জানান, এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হননি।
এনসিপি অভিযোগ করেছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে সময় সংবাদ এখনো এই অভিযোগ যাচাই করতে পারেনি।





