নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীতে এমএস ডাইং, পিন্টিং অ্যান্ড ফিনিশিং নামের একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— কারখানার শ্রমিক আল-আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে শ্রমিকরা কাজ করছিলেন। সাড়ে ৮টার দিকে গ্যাসলাইনে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সহকর্মীরা দ্রুত দগ্ধদের উদ্ধার করে ঢাকায় নেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে এবং সবার অবস্থাই গুরুতর। কার শরীরে কত শতাংশ পুড়েছে, তা পরবর্তীতে জানা যাবে।





