ফিলিস্তিনের পশ্চিম তীরে নামাজরত এক ব্যক্তির ওপর গাড়ি চালিয়েছে ইসরায়েলি সেনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। হামলার পর ফিলিস্তিনি ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, তবে তিনি অক্ষত ছিলেন এবং বর্তমানে বাড়িতে রয়েছেন।


\r\n

ফিলিস্তিনি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেসামরিক পোশাকের একজন ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে গাড়ি চালাচ্ছেন। সেই সময় রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির ওপর ‘অফ-রোড’ গাড়িটি চালানো হয়।


\r\n

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাড়ি চালানো ব্যক্তি একজন রিজার্ভ সৈন্য। তাকে সামরিক দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, ঘটনার পর ওই সৈন্যকে ‘গৃহবন্দী’ রাখা হয়েছে। ইসরায়েলি পুলিশ এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।


\r\n

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার ঘটনা এ বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের ১৭ অক্টোবর থেকে ২০২৫ সাল পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।