মোঃ জাফর আলী,নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‍্যাব-৫।

সোমবার (১০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসতবাড়ির সামনে নলডাঙ্গা–সিংড়া সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নেওয়াজ শরিফ জনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধনগর ইউনিয়ন শাখার সহ-সভাপতি, নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পর্যটন সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বোট টিমের সদস্য, নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ র‍্যাব ক্যাম্প নাটোরের একটি দল র‍্যাব-৫ রাজশাহীর সহযোগিতায় নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পরবর্তীতে যুবলীগ নেতা জনিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় র‍্যাব ক্যাম্প নাটোরের নায়েব সুবেদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।