নাটোরের গুরুদাসপুরে হাট ইজারাদারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ইজারাদার ওবায়দুর রহমান তপু গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে হুমকির শিকার হন। তপু জানান, তুলাধুনা হাটের ইজারা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে রাজা তাকে প্রকাশ্যে \"মেরে হাড্ডি গুড়া গুড়া\" করার হুমকি দেন। এ ঘটনায় তপু বাদী হয়ে গুরুদাসপুর থানায় রাজাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতোমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে গ্রেফতারের আগে রাকিবুর রহমান রাজা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এবং দাবী করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি ৫ লাখ টাকা দাবি করার কথা স্বীকার করলেও তা চাঁদা নয়, বরং পাওনা টাকা বলে দাবি করেন।

এদিকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাকিবুর রহমান রাজাকে নাজিরপুর ইউনিয়ন যুবদলের পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করেছে নাটোর জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রাজাকে গ্রেফতার করা হয়েছে।