নাচোল সরকারি পশু হাসপাতালে গভীর রাতে সরকারি পশু খাদ্য পাচারের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ সাতজনকে স্থানীয় জনতা অবরুদ্ধ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে পাচারে ব্যবহৃত একটি গাড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় আব্দুর রহিম জানান, হাসপাতালের নাইট গার্ডের মাধ্যমে তারা জানতে পারেন গভীর রাতে সরকারি পশু খাদ্য পাচার করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ আরও ছয়জনকে অবরুদ্ধ করে রাখে। পরে নাচোল থানা পুলিশ এসে পাচারে ব্যবহৃত গাড়িসহ একজনকে আটক করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও রাত পর্যন্ত তিনি ঘটনাস্থলে আসেননি বলে জানান তিনি।
নাচোল থানার তদন্ত ওসি সৈকত বলেন, হাসপাতালে পাঁচ থেকে সাতজন অবস্থান করছিল। সরকারি সম্পদ পাচারে ব্যবহৃত গাড়িসহ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে আটক গাড়িচালকের একটি ভিডিও বক্তব্যে পশু হাসপাতালের সরকারি পশু খাদ্য পাচারের বিষয়টি তিনি স্বীকার করেছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে রাতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





