ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার কয়েকটির রায় আগামী নভেম্বর মাসে হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুদকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সমঝোতা স্মারকটিতে দুদকের পক্ষে সই করেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ৫ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।
দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে টিআইবির সঙ্গে এই অংশীদারিত্ব করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে। রাজনৈতিক সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে কমিশন আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে। তিনি দুদককে দুর্নীতি প্রতিরোধে “ওয়াচডগ সহযোগী” আখ্যা দিয়ে বলেন, সময়ের সঙ্গে দুর্নীতির ধরন বদলাচ্ছে, তাই কাজেও পরিবর্তন আনা জরুরি।





