মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছামির ওই গ্রামের সোহরাফ মিয়ার ছেলে এবং ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছামির নিজেদের ফসলি জমি দেখতে মাঠে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সোহরাফ মিয়া জানান, জমি দেখতে গিয়েই তার ছেলে সাপের কামড়ের শিকার হয়। হাসপাতালে নেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক।





