নতুন রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম ও সংগঠন কাঠামো যাচাইয়ে আবারও তদন্তে নামছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক মূল্যায়নে জমা দেওয়া প্রতিবেদনে অসংগতি ও ঘাটতি ধরা পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিল করা প্রতিবেদনে অনেক ক্ষেত্রে মন্তব্য অসম্পূর্ণ বা অস্পষ্ট ছিল। এ কারণে যাচাই কমিটির সুপারিশ অনুযায়ী ১০টি রাজনৈতিক দলের বিষয়ে পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব দলের তথ্য পুনরায় যাচাই করা হবে—
আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
ইসি জানিয়েছে, দলগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের সক্রিয়তা ও সাংগঠনিক উপস্থিতি যাচাই করতে ১০টি অঞ্চলে একজন উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র বলছে, যাচাই শেষে দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





