আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কাজ করছে ইসি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন,
“নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ের জন্য যেসব কাগজপত্র পাঠানো হয়েছিল, সেগুলো ইতোমধ্যেই সচিবালয়ে এসে পৌঁছেছে। এখন সেসব তথ্য ব্রডশিট আকারে উপস্থাপন করে আগামীকাল কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

নিবন্ধনের পাশাপাশি দলীয় প্রতীক বরাদ্দের বিষয়টিও গুরুত্বপূর্ণ, উল্লেখ করে আখতার আহমেদ জানান, প্রতীক বিষয়ক বিধিমালার সংশোধন প্রস্তাব এখনো আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন,
“নিবন্ধন দেওয়া সম্ভব, তবে প্রতীক প্রদান কিছুটা বিলম্বিত হতে পারে। কমিশন চায়, নিবন্ধন ও প্রতীক একসঙ্গেই দেওয়া হোক, যাতে দলগুলো নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে নিতে পারে।”

১৪৩টি দলের মধ্যে ২২টি টিকে আছে

এই নির্বাচনে মোট ১৪৩টি দল ইসিতে আবেদন করে, যার মধ্যে প্রাথমিক যাচাইয়ে ১২১টি দলের আবেদন বাতিল করা হয়।
বাকি ২২টি দলকে মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়। বাতিল হওয়া দলগুলোকে ইসি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অবহিত করেছে।
সূত্র: বাসস