বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে জনগণের চিন্তা ও প্রত্যাশা বদলাচ্ছে, আর তারা বিএনপিকে একটি আদর্শ রাজনৈতিক দল হিসেবে দেখতে চায়। তিনি বলেন, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে পুরনো ধাঁচের রাজনীতি এখন আর টিকবে না, বিশেষ করে সাম্প্রতিক ‘জুলাই অভ্যুত্থান’-এর পর মানুষের মনস্তত্ত্বেও বড় ধরনের পরিবর্তন এসেছে।


শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ক্রীড়াঙ্গনের প্রসঙ্গে আমির খসরু বলেন, দেশের ক্রীড়াক্ষেত্রকে নতুন মাত্রায় উন্নীত করতে হবে। রাজনীতি ও অর্থনীতির মতো খেলাধুলাকেও গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে, যাতে সব শ্রেণির মানুষ সমান সুযোগ পায়।


তিনি আরও বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জনগণের পরিবর্তিত প্রত্যাশা ও বাস্তবতা মাথায় রেখে কাজ করতে হবে।