বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়, শাপলা হলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
‘নতুন কুঁড়ি-২০২৫’ আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু-কিশোর অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিষয়ে প্রতিভাবানরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন।
প্রতিযোগিতা আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ এবং ফাইনাল রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হয়। বিজয়ীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এ বছরের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য সিনিয়র সচিব ও কর্মকর্তারা।
পুরস্কার বিতরণীর মাধ্যমে নতুন কুঁড়ির সেরাদের কৃতিত্ব স্বীকৃতি দেওয়া হয় এবং শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহ যোগানো হয়।





