জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিংয়ে এটি ঘোষণা করেন।
উপাচার্য জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে ছাত্র সংসদের সংবিধানের খসড়া প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। পরবর্তীতে সরকারের গেজেট প্রকাশের পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।
এর আগে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন করেছিলেন। এরপর উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে রোডম্যাপ ঘোষণা করেন।
নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে, গেজেট প্রকাশের ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর ১৬ কর্মদিবসের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হবে। রোডম্যাপ অনুযায়ী সম্ভাব্য নির্বাচনের তারিখ ধরা হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫।
তবে শিক্ষার্থীরা নির্বাচনী রোডম্যাপে আপত্তি জানিয়ে ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন আয়োজনের জন্য সরকারের গেজেট প্রকাশ জরুরি। গেজেট প্রকাশের পরই সমস্ত কার্যক্রম রোডম্যাপ অনুযায়ী শুরু হবে। আমি আশা করি শিক্ষার্থীরাও ধৈর্য ধরবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুত।”





