নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও নেতাকর্মী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা এলাকায় জামায়াত কর্মী শহীদ মোল্লার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। এ সময় নির্বাচনী প্রচারণা শেষে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম ও তার সমর্থকরা সেখানে ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছানো বিএনপির কর্মী সমর্থকরা খাবারের ভিডিও ধারণ করছিলেন। ছবির বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

হাঁসাইগাড়ি ইউনিয়নের জামায়াত নেতাদের বক্তব্যে বলা হয়েছে, দুপুরের খাবারের সময় বিএনপির সন্ত্রাসীরা প্রার্থীকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় তাদের ৮ জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু দাবি করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। তিনি বলেন, জামায়াতের কর্মীরা আমাদের দুজন কর্মীকে আহত করেছে এবং মোবাইল ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গিয়ে আমাদের কর্মীরা পরিস্থিতি জানিয়েছেন।

নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন পক্ষ এখনও অভিযোগ করেনি; অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।