জয়পুরহাট প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–২ (ক্ষেতলাল–কালাই–আক্কেলপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারীর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে সমাবেশ চলাকালে নাম ঘোষণা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই জনসমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশস্থল ও আশপাশের এলাকা ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে।

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী আব্দুল বারী বলেন,
“দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জয়পুরহাট–২ আসনের মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির রাজনীতি নয়—জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বই দেশকে এগিয়ে নিতে পারে।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আব্দুল বারীকে বিজয়ী করার আহ্বান জানান।

তবে কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে আসা ক্ষেতলাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমানের নাম মঞ্চ থেকে ঘোষণা না করায় নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সমাবেশস্থলে হট্টগোলের সৃষ্টি হয়।

এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে একাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা খালেদুল মাসুদ আঞ্জুমান। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকায় গণসংযোগে অংশ নেন।