ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দুই শতাধিক প্রার্থী ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। তাদের মধ্যে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবীও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


নির্বাচিত আইনজীবীদের মধ্যে রয়েছেন বরিশাল-৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। নোয়াখালী-1 আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন জয়ী হয়েছেন। ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।


এছাড়া মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বিজয়ী হয়েছেন। পঞ্চগড়-১ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং চট্টগ্রাম-৫ আসনে সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও জয় পেয়েছেন।


পাবনা-২ আসনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।