বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে শাকপালা এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার হাফিজুর রহমান গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।


সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লাল মিয়া জানান, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে হাফিজুরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে ছদ্মনাম ও ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। শেষ পর্যন্ত তিনি শাজাহানপুরের ডোমনপুকুর গুচ্ছগ্রামে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।


মামলার নথি অনুযায়ী, রংপুরের এক তরুণীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন হাফিজুর। এরপর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি পলাতক ছিলেন।


অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান এবং তথ্য বিশ্লেষণের ভিত্তিতে হাফিজুরের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।