বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে এবং কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে তিনি জনগণকে সতর্ক করেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কোনো প্রকৃত রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে। তার ভাষায়, দলটির কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র ছিল না।

তিনি বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের স্বাধীনতাপন্থি শক্তির পাশে থাকার আহ্বান জানান। তার দাবি, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনি এবং দেশটিকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের নেতারা ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ভুল এখন নিশ্চয়ই ভেঙে গেছে। তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস রেখে রাজনীতি করবেন।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী একা দেশ ছাড়লেও তার সব নেতাকর্মীর পক্ষে দেশ ত্যাগ করা সম্ভব হয়নি। “সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। যারা দেশে রয়েছেন—আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন—তারা রাজনীতি করতেই পারেন। এটি তাদের ব্যক্তিগত অধিকার,” বলেন তিনি।

বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, যুবদল নেতা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।