ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন। এর আগে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে তিন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে রদবদলের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, এনএপিডির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে আইএমইডির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।





