বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, যা বিএনপি সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি ধর্ম বিশ্বাসী দল হলেও ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রকে ভাগ করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনকালে ফখরুল এ মন্তব্য করেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফখরুল বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল “সবার বাংলাদেশ”, যা ধরে তারেক রহমানের স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’—দেশকে এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, তবে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারের চেষ্টা চলছে। সবাইকে সাইবার সচেতন থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একমাত্র বিএনপিই দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে।
মহাসচিব উল্লেখ করেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনায় ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্র সংস্কারের রূপরেখাও বিএনপি ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে।
বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গেও ফখরুল বলেন, দেশনেত্রী গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসা কার্যক্রম সরাসরি তদারকি করছেন তারেক রহমান। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, এবং দেশের মানুষের প্রার্থনা অবশ্যই কবুল হবে।





