প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সকলের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। ধর্ম বা বর্ণের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবেন না।

শুক্রবার (২৩ জানুয়ারি) ‘সরস্বতী পূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এদেশে সব ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করছে।”

তিনি আরও বলেন, “হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। সরস্বতী পূজার এই পবিত্র উৎসবে প্রত্যাশা করি, আমাদের শিক্ষা শুধু নিজের উন্নতির জন্য নয়, সমাজের কল্যাণের জন্যও ব্যবহার হবে। আমরা আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করব, দুর্বলদের পাশে দাঁড়াব এবং সুন্দর সমাজ গড়ে তুলব।”

প্রধান উপদেষ্টা সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।