আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। দলটি নিজস্ব প্রার্থীদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্যও আসন ছাড়ার বিষয়ে চিন্তা করছে। প্রায় ৫০টি আসন মিত্রদের দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
স্থায়ী কমিটির বৈঠকে (২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে নেতারা জানান, আগামী মাসের মধ্যেই প্রার্থিতা ও আসন সমঝোতা শেষ করতে হবে, যাতে শরিক দলগুলোও অনিশ্চয়তা কাটিয়ে নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে পারে।
বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি শরিক দলের শীর্ষ নেতাদের মৌখিকভাবে প্রার্থী তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে। ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, “বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মনোনয়ন বিষয়ে কয়েক দিনের মধ্যেই বৈঠক হবে।”
বিএনপির দুই নেতা জানান, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ কিছু শরিক নেতাকে মনোনয়নে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “প্রার্থী তালিকা নির্ধারণের আগে নির্বাচনী কৌশল এবং কাদের বিরুদ্ধে লড়ব—এসব ঠিক হওয়া জরুরি।” গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, নির্বাচনের কৌশল ও সংস্কার বাস্তবায়ন নিয়ে শিগগির বৈঠক হবে।
বিএনপি সূত্র বলছে, গণতন্ত্র মঞ্চ ও বাম দলগুলোর সঙ্গে লিয়াজোঁর দায়িত্বে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ। ইসলামপন্থীসহ অন্য দলগুলোর সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আছেন নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু ও বরকতউল্লা বুলু।
বৈঠকে কলকাতার পত্রিকা এই সময়-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। ফখরুল জানান, সাক্ষাৎকারে তার নামে প্রকাশিত বক্তব্য সঠিক নয়। এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে দলীয়ভাবে বিবৃতি দেওয়া হয়, যেখানে সাক্ষাৎকারটিকে “মিথ্যা ও মনগড়া” বলা হয়।
বৈঠকে মির্জা ফখরুল (ভার্চুয়ালি) ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।





