চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরের পাহাড়ি অঞ্চলের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা থেকে রাতের আঁধারে পিডিবি’র বৈদ্যুতিক লোহার খুঁটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে।
স্থানীয়রা জানিয়েছেন, খুঁটিটি কাটার সময় লোহা কাটার যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। কয়েকটি ভিডিও ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে। স্থানীয়রা বলছেন, রাত আনুমানিক ৯টার দিকে দীর্ঘক্ষণ ধরে খুঁটি কাটা হচ্ছিল। দিনকালে অফিসের অন্যান্য কাজের কারণে লোকজন উপস্থিত থাকেনি।
ট্রলি চালক ও সহযোগীরা জানিয়েছেন, খুঁটিটি পিডিবি’র কর্মকর্তা বেলাল ট্রলি করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তবে রাতে খুঁটি কাটার বিষয়ে তারা কিছু জানে না।
পিডিবি’র কর্মকর্তা বেলাল বলেন, কন্ট্রাক্টর আব্দুল মান্নানের নির্দেশে খুঁটি কাটা হচ্ছে এবং এগুলো পিডিবি অফিসে জমা দিতে হবে। রাতের ঘটনায় তিনি কোনো বিস্তারিত জানাতে নারাজ ছিলেন।
দোহাজারী পিডিবি’র কন্ট্রাক্টর আব্দুল মান্নান বলেন, ঘটনাটি ঘটার পর তিনি সরেজমিনে ঘটনাস্থল দেখেছেন এবং উপরের মহলকে ভিডিওসহ জানিয়ে রেখেছেন। তিনি অভিযোগ করেন, কিছু লোক তার নাম ব্যবহার করে ভীতি তৈরি করছে।
পিডিবি’র আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান জানান, রাতের বেলায় বৈদ্যুতিক খুঁটি কাটা হয়েছে, তবে এ বিষয়ে তার কোনো তথ্য নেই। যারা প্রকল্পে কাজ করে তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
এই ঘটনার ফলে স্থানীয় পিডিবি কর্মচারীরা হুমকির মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে।





