বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।’

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

ড. মঈন খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমতো ৩০০ জন প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি—মুক্তিযুদ্ধের দুটি মূল লক্ষ্য। বিএনপি এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ভোট। শেখ হাসিনার মতো বন্দুকের গুলিতে নয়, ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ২০০৯ সালে জন্ম নেওয়া তরুণরাও আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সম্পাদক আলহাজ নূর আহমেদ প্রমুখ।