দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সরকার বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীদারদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এই ব্রিফিং পরিচালনা করবেন।


সূত্র জানায়, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন। একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করবেন।


ব্রিফিংয়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে কূটনীতিকদের জানানো হবে। এছাড়া নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করেছেন, ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এবং এটি জাতীয় সনদসহ গণভোটের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে।


ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে অঙ্গীকারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।