বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ সংঘর্ষনির্ভর রাজনীতি বা ‘মবোক্রেসি’ (জনতার জোরে সিদ্ধান্ত চাপানো) চায় না। তিনি বলেন, জোর করে কিছু চাপিয়ে দিয়ে জনগণের ইচ্ছা রোধ করা যাবে না। এজন্য সরকারকে নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান।

\r\n

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

\r\n

আমীর খসরু বলেন, “রোডম্যাপ দিতে এত ভয় কেন? নির্বাচনে এত ভয় কেন? কারণ তারা জানে, নির্বাচন হলে তাদের হার নিশ্চিত। যাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই, তারাই নির্বাচনের ভয় পায় এবং শেখ হাসিনার পথ অনুসরণ করে।”

\r\n

তিনি বলেন, “নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি বিষয় পরস্পর সাংঘর্ষিক নয়। বরং এগুলো একটি চলমান প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য সব দল প্রস্তুত রয়েছে। এমনকি ‘জুলাই সনদে’ সই করার জন্যও প্রস্তুতি রয়েছে।”

\r\n

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ আসুক, এ আশাতেই আমরা বুক বাঁধছি। এজন্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ ভুমিকা রাখতে হবে এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দিতে হবে।”

\r\n

তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের বুঝতে হবে—আগামী দিনের রাজনীতি আগের মতো হবে না। এখন জনগণ সচেতন, তারা পরিবর্তন চায়। যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের প্রকৃত জনসমর্থনের ভিত্তিতে নির্বাচিত হওয়াই হবে গণতন্ত্রের ভিত্তি।”