প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান ক্রান্তিকালে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে অতীতের সব অপবাদ থেকে মুক্ত হতে চায় নির্বাচন কমিশন। এটি সম্ভব হবে একমাত্র আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। তিনি বলেন, “আমরা প্রমাণ করতে চাই, আমরা একটি সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।”
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। দেশ একটি গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে সিইসি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর জবাব দিতে হবে।





