জাতির ইতিহাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোর–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত ১৫ মাসে উপদেষ্টারা দেশের কঠিন সময়ের হাল ধরেছেন এবং প্রশংসনীয় সেবা দিয়েছেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

প্রেসসচিব আরও বলেন, “আমরা এখন সফলতার দ্বারপ্রান্তে। পুরনো বাংলাদেশের যে ঘাটের কথা বলা হয়, আমরা এখন সেই ঘাটের কাছাকাছি এসে পৌঁছেছি। অনেক বাধা-বিপত্তি কেটে গেছে, এখন সামনে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। আশা করি, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, সরকারের প্রধান ম্যান্ডেট ছিল সংস্কার বাস্তবায়ন, শেখ হাসিনার সময়কার গুম-খুনের বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন। “দুটি কাজ প্রায় শেষ হয়ে গেছে,” বলেন তিনি।

শফিকুল আলম আরও জানান, “কয়েকটি রাজনৈতিক দল ছাড়া প্রায় সব দলই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। আশা করছি, নির্বাচনের প্রস্তুতি দ্রুতই শেষ হবে এবং জাতি একটি ভালো নির্বাচন পাবে।”