ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পাঁচ দশক পর দেশের আলেম-ওলামাদের সামনে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। তিনি মনে করেন, এবার ভুল হলে এই সুযোগ ফিরে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল কোরআন একাডেমির আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তিনি বলেন, সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে হলে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আলোকে এগোতে না পারলে দেশপ্রেমও পূর্ণতা পায় না। দেশের উন্নতির জন্য সততা ও নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।

ড. খালিদ জানান, কারাগারগুলোতেও কোরআন শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বন্দিরা সংশোধনের সুযোগ পায়।

সম্মেলনে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ইরান ও ফিলিপাইনের বিশিষ্ট ক্বারিরা তিলওয়াত করেন। অনুষ্ঠানে তামিরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।