লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ফেরত আসা প্রক্রিয়ায় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগিতা করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করে। ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের মধ্যে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়, নিজেদের দুর্ভোগ ও অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সচেতনতা বাড়াতে সাহায্য করতে।

আইওএম প্রত্যেককে পথ খরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থা যৌথভাবে কাজ করেছে।