বাংলাদেশে চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চলের একজন নারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান।


মৃত নারীর বয়স আনুমানিক ৪০–৫০ বছর। ২১ জানুয়ারি তার শরীরে জ্বর ও মাথাব্যথাসহ নিপাহ ভাইরাসের লক্ষণ দেখা দেয়। এরপর তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং এক সপ্তাহ পর তিনি মারা যান। পরীক্ষার পর নিশ্চিত হয়েছে, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।


তথ্য অনুযায়ী, ওই নারী সম্প্রতি কোনো ভ্রমণ করেননি, তবে তিনি কাঁচা খেজুরের রস খেয়েছিলেন। সাধারণত নিপাহ ভাইরাস বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড়ের সংস্পর্শে থাকা খেজুরের রস বা ফল খেলে মানুষ আক্রান্ত হতে পারে।


মৃত নারীর সংস্পর্শে আসা ৩৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, কিন্তু সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাস একজন থেকে অন্যজনের মধ্যে সহজে ছড়ায় না, তাই আন্তর্জাতিকভাবে বড় কোনো ঝুঁকি নেই।


উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশে নিপাহ ভাইরাসে চারজন মারা গিয়েছিলেন। এখনও পর্যন্ত এই রোগের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা আবিষ্কৃত হয়নি।


সূত্র: দ্য গার্ডিয়ান।