গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকারের কার্যকর ভূমিকা না থাকায় দেশ ক্রমেই নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ক্ষমতার দাপট দেখিয়ে কারা দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস করছে, কারা মিথ্যা মামলা-হামলা দিয়ে আটক বাণিজ্য করছে, কারা ভাস্কর্য, ম্যুরালসহ শিল্পকর্ম ভাঙছে, পার্ক-মাজার-দরবারে হামলা চালাচ্ছে, মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিকদের জখম করছে, নূরের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করছে—এসব সরকারের অজানা নয়। ভিডিও-প্রমাণসহ অনেক কিছুই সামনে আছে। তবুও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনা মোটেও স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না। তিনি প্রশ্ন রাখেন, “সরকার দ্রুত প্রতিবাদ জানিয়েছে ঠিকই, কিন্তু আসল অপরাধীদের বিচার হবে কি না, সেটা নিয়েই সন্দেহ আছে।”
আনু মুহাম্মদ আরও লিখেছেন, “পূর্ববর্তী সরকার দুর্নীতি-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ শব্দ ব্যবহার করেছিল। কিন্তু বাস্তবে দুর্নীতি ও সন্ত্রাস আরও বেড়েছিল। বর্তমান সরকারও মব সন্ত্রাস দমনে একই শব্দ ব্যবহার করছে। অথচ ফলাফল হচ্ছে উল্টো। তাহলে কি সরকার দেশকে আরও নৈরাজ্যের পথে ঠেলে দিতে চাইছে?”





