বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ যদি কর্মসূচির নামে নির্বাচনকে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদেরকে তার রাজনৈতিক মূল্য দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, \"বিএনপি চায় রাজনীতিতে স্থিতিশীলতা বজায় থাকুক। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে, তার জন্য রাজনৈতিকভাবে জবাবদিহি করতে হবে।\"
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে জবাবদিহির অভাব দেখা দিয়েছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তার প্রমাণ।
তিনি বলেন, “সব দাবিতে সবার মধ্যে ঐকমত্য না-ও থাকতে পারে, তাতে সমস্যা নেই। কিন্তু গণতন্ত্রে বিশ্বাস রেখে সবাইকে জনগণের কাছে যেতে হবে। জনগণের মতামত ও সমর্থনই শেষ কথা।”





